তুমি একটু সাবধানে থেকো
আকাশে আজ মেঘ করেছে,
ছোটাছুটি বেড়ে গেছে মুরগিগুলোর।
উঠোনে ডালের বড়ি শুকোতে দেয়া আছে
তুলে রেখো।
ল্যাংড়া আমগুলো পেকেছে
পেড়ে রেখো।
বাবু যেন পুকুরের ধারে না যায়,
মায়ের হাপানি বাড়লে
ডাক দিও হাসেম ডাক্তারকে।
আর,
চুলোটার দিকে খুব খেয়াল
পানি ঢুকলে টাকাগুলো নষ্ট হবে।
- তুমি কবে আসবে?
আমার যে বড়ো একা একা লাগবে!
- মেঘগুলো সরে গিয়ে যেদিন-
তেজস্বী রশ্মি এসে আলোকিত করবে উঠোন,
তোমার নিশ্চিন্ত ভাতঘুমে
ক্ষেতে নিড়ানি দেবো আমি,
মা পান চিবুতে চিবুতে
শুধু নানাবাড়ি আর বাপজানের গল্পে
পার করে দেবে সন্ধ্যারাত-
গলা ফাটিয়ে বেসুরে যেদিন
বাবু ইশকুলে বুক চিতিয়ে গাইবে
"আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি",
ঠিক সেদিন আমার ফেরার
সঠিক সময় হবে, বৌ!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
.jpg)
শেষটা পড়ে অদ্ভুত এক মোচড় দিয়ে উঠল বুক।
উত্তরমুছুন